চবিতে থ্যালাসেমিয়া দিবসে ফ্রি ব্লাড গ্রুপিং ও রক্তদাতা সংগ্রহ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিআরএফ ইয়ুথ ক্লাবের আয়োজনে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উদযাপিত হয়েছে।

শুক্রবার (৮ মে) ক্যাম্পাসের শাটল ট্রেন স্টেশনে দিবসটি উপলক্ষ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এ সময় থ্যালাসেমিয়া রোগীদের জন্য ৪০ জন নতুন রক্তদাতা সংগ্রহ করা হয় এবং সচেতনতামূলক ক্যাম্পেইন চালানো হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিআরএফ ইয়ুথ ক্লাবের সভাপতি নিয়াজ মাখদুম বলেন, থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তের রোগ। থ্যালাসেমিয়া আক্রান্তদের নিয়মিত অন্যের দেওয়া রক্ত নিয়েই বেঁচে থাকতে হয়। বাংলাদেশে প্রায় এক লাখ থ্যালাসেমিয়া রোগী রয়েছে। আমরা এই রোগীদের সেবায় সামর্থ্য অনুযায়ী কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, থ্যালাসেমিয়া শতভাগ প্রতিরোধযোগ্য একটি রোগ। দুই জন থ্যালাসেমিয়ার বাহকের বিয়ে হলে সন্তানের থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। হিমোগ্লোবিন ইলেক্ট্রোফরেসিস পরীক্ষার মাধ্যমে থ্যালাসেমিয়ার বাহক কী না, তা নিশ্চিত হওয়া যায়। তাই, আমাদের বিয়ের আগেই বাহক করে পরীক্ষা করে ফেলা উচিত।

সংগঠনটির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আব্দুল্লাহ বলেন, থ্যালাসেমিয়া রোগীরা অন্যের দেওয়া রক্তের ওপর নির্ভর করে বেঁচে থাকেন। আমরা যারা সুস্থ আছি, আমাদের প্রত্যেকের রক্তদানে এগিয়ে আসা উচিত। বিআরএফ ইয়ুথ ক্লাব থ্যালাসেমিয়া রোগীদের রক্ত দিয়ে যথাসাধ্য পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে।

উল্লেখ্য, বিআরএফ ইয়ুথ ক্লাব রক্তদান, থ্যালাসেমিয়া রোগীদের সেবা, পাঠাগার পরিচালনা ও জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে কাজ করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *