আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস ২০২৫ উপলক্ষে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে থ্যালাসেমিয়া সচেতনায় র্যালি ও মানববন্ধন হয়।
বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ দুপুর ২.০০ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে BRF Youth Club এর উদ্যোগে মানববন্ধন ও র্যালির আয়োজন করা হয়।
থ্যালাসেমিয়া বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে থ্যালাসেমিয়া নিয়ে ৫ দফা দাবি উত্থাপন করেন:
১. ছাত্রজীবনেই সরকারি খরচে থ্যালাসেমিয়ার বাহক শনাক্তকরণ পরীক্ষা নিশ্চিত করতে হবে। ২. মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে প্রতিটি শ্রেণিতে থ্যালাসেমিয়া বিষয়ে পৃথক অধ্যায় অন্তর্ভুক্ত করতে হবে। ৩. প্রতিটি জেলায় থ্যালাসেমিয়া রোগীদের জন্য বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করতে হবে। ৪. থ্যালাসেমিয়া আক্রান্তদের জন্য বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করতে হবে এবং এই খাতে গবেষণার জন্য জাতীয় বাজেটে বরাদ্দ রাখতে হবে। ৫. থ্যালাসেমিয়া আক্রান্তদের শারীরিক প্রতিবন্ধী হিসেবে স্বীকৃতি দিয়ে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও কোটার ব্যবস্থা করতে হবে।
মানববন্ধনে ব্যবস্থাপনা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী কাজী মো. ইসমাঈল হোসেন বলেন, “আমরা দিবস নয়, বরং দায়িত্ববোধকে স্মরণ করিয়ে দিতে চাই। থ্যালাসেমিয়া নিয়ে মানুষকে সচেতন করা এবং আক্রান্তদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিয়ের আগেই থ্যালাসেমিয়া পরীক্ষা করা অত্যন্ত জরুরি।”
উল্লেখ্য, BRF Youth Club বিভিন্ন সামাজিক ও গবেষণাধর্মী কার্যক্রমের পাশাপাশি থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতামূলক কাজ করে থাকে। জামালপুর জেলায় প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ২০টির অধিক থ্যালাসেমিয়া আক্রান্ত পরিবারকে নিয়মিত রক্ত সরবরাহ ও আর্থিক সহায়তা প্রদান করে আসছে।


